বান্দরবান বিশ্ববিদ্যালয়ে জিডিএস শিক্ষার্থীদের জমজমাট আয়োজন
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১১:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে জমকালো ফুটবল ফিয়েস্তা ও মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত এই উৎসবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক ও শিক্ষার্থীরা মেতে ওঠেন প্রাণবন্ত উল্লাসে। সহপাঠীদের এই মিলনমেলা শিক্ষার্থীদের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।
বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত এই উৎসবমুখর প্রতিযোগিতায় প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। তিনি তাঁর বক্তব্যে শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি মাঠের অভিজ্ঞতা ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে অনন্য ভূমিকা পালন করে।
ক্রীড়া উৎসবে ছাত্রদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো দর্শকদের দারুণভাবে আনন্দিত করে। প্রথম ম্যাচে জিডিএস পলিসি স্ট্রাইকার্স ২-১ গোলে জিডিএস গ্ল্যাডিয়েটরসকে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে টেন জা ওয়ান এবং লাকি খিয়াং গোল দুটি করেন। অন্য ম্যাচে এলিট ফ্যালকনস ও ডেভেলপমেন্ট ডাইনামোসের মধ্যকার খেলাটি সমতায় শেষ হলে টাইব্রেকারে এলিট ফ্যালকনস ২-১ ব্যবধানে জয় লাভ করে।
পরবর্তীতে অনুষ্ঠিত ফাইনালে এলিট ফ্যালকনসকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় জিডিএস পলিসি স্ট্রাইকার্স। দলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন মং শিং শৈ। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী লাকি খিয়াং এবং সেরা গোলকিপার হন কে ওয়াই চি মারমা।
অন্যদিকে, শিক্ষার্থীদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতাও ছিল অত্যন্ত উপভোগ্য। এতে তীব্র লড়াই শেষে প্রথম থেকে ষষ্ঠ স্থান অর্জন করেন যথাক্রমে নুসরাত জাহান জেরিন, প্রিয়াংকা তঞ্চঙ্গ্যা, উসাইং খিং, টিং টিং এ মারমা, সেবাতি ত্রিপুরা ও রেনি তঞ্চঙ্গ্যা।
পুরো আয়োজনের সার্বিক স্পন্সর হিসেবে পাশে ছিল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস 'নগদ লিমিটেড' এবং ট্রিপল এ এন্টারপ্রাইজ। অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং স্পন্সর প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
১২১ বার পড়া হয়েছে