তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন আন্দালিভ রহমান পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ৯:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।
সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী দাপ্তরিক দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন। এর মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আন্দালিভ রহমান পার্থকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন আন্দালিভ রহমান পার্থ। তিনি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়াসের খান চৌধুরী। গত ১৭ ফেব্রুয়ারি তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াসের খান চৌধুরী।
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের রাজনৈতিক নেতৃত্বে নতুন বিন্যাস তৈরি হলো।
১২৯ বার পড়া হয়েছে