পাইকগাছায় দেশের প্রথম অনলাইন বিরোধ নিষ্পত্তি সেন্টার চালু
শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনার পাইকগাছা চৌকি আদালতে দেশের সর্বপ্রথম অনলাইন ডিসপিউট রেজল্যুশন (ওডিআর) সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে এই কেন্দ্রটি চালু করা হয়, যা প্রান্তিক মানুষের আইনি ভোগান্তি লাঘবে সাহায্য করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিচারকরা আশা প্রকাশ করেন, এই প্রযুক্তিবান্ধব বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে দেশের আদালতগুলোর বিশাল মামলাজট বহুলাংশে হ্রাস পাবে।
খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ওডিআর সেন্টারটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দেশের আদালতগুলোতে মামলাজট কমানোর ক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআরের অপরিসীম গুরুত্বের কথা তুলে ধরেন। তাঁর মতে, বর্তমানে সারা দেশে প্রায় ৪০ লাখ মামলা বিচারাধীন থাকলেও পর্যাপ্ত বিচারক না থাকায় প্রচলিত পদ্ধতিতে দ্রুত বিচার নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের পরিসংখ্যান উল্লেখ করে জানানো হয়, দেশের জেলা আদালতগুলোতে মোট ১ হাজার ৯৬৪ জন বিচারক কর্মরত রয়েছেন, যার মধ্যে প্রায় দুই শতাধিক বিচারক প্রেষণে নিযুক্ত আছেন। ফলে সরাসরি বিচারকাজে অংশ নেওয়া বিচারকের সংখ্যা আরও সীমিত। এই বাস্তবতায় দেওয়ানি কার্যবিধি, পারিবারিক আদালত ও অর্থঋণ আদালতের আওতাধীন আপসযোগ্য মামলাগুলো আদালতের বাইরে বিকল্প পদ্ধতিতে মীমাংসা করাই একমাত্র বাস্তবসম্মত সমাধান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, কয়রার মতো প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা শহরে গিয়ে আইনি সেবা নেওয়া সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এই ওডিআর সেন্টারের মাধ্যমে তৃণমূলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দোরগোড়ায় অত্যন্ত দ্রুত এবং কম খরচে ন্যায়বিচার পৌঁছে দেওয়া সম্ভব হবে। এটি প্রচলিত দীর্ঘমেয়াদি আপিল ও রিভিশনের ভোগান্তি অনেকাংশে দূর করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মো. মঞ্জুরুল হোসেন। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য ওডিআর একটি যুগান্তকারী পদক্ষেপ, যা বিচারিক প্রক্রিয়াকে আরও সহজ ও সাশ্রয়ী করবে। সভায় সভাপতিত্ব করেন ফ্রেন্ডশিপের সিনিয়র ডিরেক্টর আয়েশা তাসিন খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনগত সহায়তা কর্মকর্তা ম. রোমানা আফরোজ, পাইকগাছা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, সিভিল জজ হযরত আলী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী সহ স্থানীয় আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
১১৬ বার পড়া হয়েছে