রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন: নতুন চেয়ারম্যান বিএনপি নেতা দীপেন তালুকদার
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন এই পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু। বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ১৫ সদস্যবিশিষ্ট এই নতুন পরিষদ গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে জারি করা এই সংক্রান্ত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোছা. তাসলিমা পারভীন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং এর সংশোধনী আইনের বিধান অনুযায়ী এই পরিষদ পুনর্গঠন করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত ১৫ সদস্যের এই পরিষদে চেয়ারম্যান ছাড়াও ১৪ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্যরা হলেন—শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মারমা, পাইচিং মং মারমা, মিজ প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মন, মোহাম্মদ মামুনুর রশিদ, মো. তোফজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, মিজ নন্দিতা দাশ ও মিজ চন্দ্রা চাকমা।
নতুন এই পরিষদ দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে গত ৭ নভেম্বর ২০২৪ তারিখে জারি করা পূর্ববর্তী প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত পরিষদটি বাতিল বলে গণ্য হবে। নতুন পরিষদ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আইন অনুযায়ী পরিষদের সব দায়িত্ব ও কার্যাবলি সম্পাদন করবে।
মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত চেয়ারম্যান দীপেন তালুকদার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে রাঙামাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং পরিকল্পিত উন্নয়ন ত্বরান্বিত করতে কাজ করে যাবেন।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে ১৯৮৯ সালে প্রথম ও শেষবারের মতো স্থানীয় সরকার পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে আইনের সংশোধনী অনুযায়ী প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার মনোনীত অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত হয়ে আসছে। এটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ১১তম অনির্বাচিত পরিষদ।
১১৯ বার পড়া হয়েছে