রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শেষ, চলছে গণনা, ফলাফল সংসদেই প্রকাশ হবে
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ১১:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি পদে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে ভোট গ্রহণের পর এখন চলছে ভোট গণনা। গণনা শেষ হলেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
রাষ্ট্রপতি নির্বাচনে এবার ভোট দেওয়ার কথা ছিল ৩৪৯ জন সংসদ সদস্যের। এর মধ্যে চট্টগ্রাম-৪ আসনটি শূন্য থাকায় মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। তবে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় ভোট দিতে পারেননি। সব মিলিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৪৮ জন সংসদ সদস্য।
বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর সিইসি এএমএম নাসির উদ্দিন জানান, নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা এখন ভোট গণনা করছেন। গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফলাফল জানিয়ে দেওয়া হবে।
এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১-দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হতে একজন প্রার্থীকে অন্তত ১৭৫ ভোট পেতে হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারেন না। ফলে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। নির্বাচিত হলে তিনি হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।
সংসদ সদস্য হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হলে সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য পদ শূন্য হবে। একই সঙ্গে মন্ত্রীর পদ থেকেও তার পদত্যাগ করতে হবে। অন্যদিকে সংসদ সদস্য না হওয়ায় অলি আহমদ ভোট দিতে পারেননি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোট গ্রহণের জন্য জাতীয় সংসদ কক্ষে চারটি ব্যালট বাক্স রাখা হয়েছিল। সংসদ সদস্যরা প্রকাশ্য ভোট দিয়েছেন। ব্যালটে ভোটদাতা সংসদ সদস্যের নাম এবং তিনি কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা উল্লেখ থাকে।
ভোট গ্রহণের আগে সংসদ কক্ষে স্পিকারের আসনের সামনে নির্ধারিত স্থানে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা, নির্বাচন কমিশন সচিব এবং সংসদ সচিবালয়ের সচিব অবস্থান নেন। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ভোট দেন। নির্বাচন পরিচালনায় সহায়তার জন্য নির্বাচন কমিশন থেকে ২০ জন কর্মকর্তার তালিকাও সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছিল।
১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে ভোটাভুটি হলো। এর আগে অধিকাংশ রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সর্বশেষ ১৯৯১ সালে সরাসরি ভোটাভুটির মাধ্যমে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।
১২৭ বার পড়া হয়েছে