রাষ্ট্রপতি নির্বাচনের ফল সংসদেই ঘোষণা করা হবে : সিইসি
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ ও গণনা শেষে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম জাতীয় সংসদেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ শুরুর সময় তিনি এ কথা বলেন।
সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শুরু হয়। এ সময় নির্বাচনি কর্মকর্তা হিসেবে স্বাগত বক্তব্যে সিইসি নির্বাচনি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন।
ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সিইসি জানান, ব্যালটের মুড়িতে প্রার্থীর নাম উল্লেখ থাকবে। সংসদ সদস্যরা পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন। ব্যালট হাতে পাওয়ার পর তাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম সঠিকভাবে রয়েছে কি না, তা দেখে নিতে হবে।
সিইসি বলেন, ভোট দেওয়ার পাশাপাশি ভোট গণনার সময়ও সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট গণনা করা হবে। গণনা শেষে যে প্রার্থী সর্বাধিক ভোট পাবেন, তাঁর নাম জাতীয় সংসদেই জানিয়ে দেওয়া হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়া সংবিধান ও নির্ধারিত নির্বাচনি বিধি অনুসারেই সম্পন্ন হচ্ছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
১১৮ বার পড়া হয়েছে