পটুয়াখালীর বাউফলে চাঁদাবাজির প্রতিবাদে দোকান বন্ধ রেখে বিক্ষোভ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ১১:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
কালাইয়া বন্দরের সুন্দরী সিনেমা হল সড়কে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ব্যবসায়ীরা নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হামলার ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।
ভুক্তভোগী ‘মায়ের দোয়া ফার্নিচার মার্ট’-এর মালিক মো. শহিদুল মোল্লা অভিযোগ করেন, গত সোমবার স্থানীয় ছাত্রদল নেতা ইয়াসিন কয়েকজন সহযোগী নিয়ে তাঁর দোকানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে এবং তাঁর কর্মচারীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এই বিরোধ নিষ্পত্তির জন্য গত বুধবার সন্ধ্যায় স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, বৈঠক চলাকালে কালাইয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইব্রাহিম দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে অতর্কিত হামলা চালান। লোহার রড ও হাতুড়ির আঘাতে অন্তত ২০ জন ব্যবসায়ী আহত হন, যাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা ইব্রাহিম জানান, চাঁদাবাজির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১১৬ বার পড়া হয়েছে