বনানীতে তৌফীক নাওয়াজের দাফন শেষে কারাগারে ফিরলেন দীপু মনি
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্বামী তৌফীক নাওয়াজের জানাজা ও দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছিলেন আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার বনানী কবরস্থানে স্বামীর দাফন শেষে বৃষ্টির মধ্যে তাঁকে আবার প্রিজন ভ্যানে করে মুন্সীগঞ্জ জেলা কারাগারের উদ্দেশে নেওয়া হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংগীতচর্চার সঙ্গে যুক্ত তৌফীক নাওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। ২০১৯ সালে তিনি স্ট্রোকও করেছিলেন।
স্বামীর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য বৃহস্পতিবার সকালে দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাঁকে ঢাকায় আনা হয়। পরে তিনি কলাবাগানের বাসায় যান। কিছুক্ষণ পর তৌফীক নাওয়াজের মরদেহও সেখানে নেওয়া হয়।
দুপুরের দিকে মরদেহ নিয়ে যাওয়া হয় গুলশানের আজাদ মসজিদে। বাদ জোহর সেখানে তৌফীক নাওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার সময় দীপু মনি প্রিজন ভ্যানেই ছিলেন। জানাজা শেষে তিনি ভ্যান থেকে নেমে স্বামীর মরদেহ শেষবারের মতো দেখেন।
জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মী ও আইনজীবীদের পাশাপাশি আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীও উপস্থিত ছিলেন। জানাজার পর মসজিদের সামনের সড়কে স্লোগান দেওয়ার ঘটনায় একজনকে আটক করে পুলিশ।
পরে তৌফীক নাওয়াজের মরদেহ নিয়ে বনানী কবরস্থানের উদ্দেশে রওনা হয় গাড়ি। দীপু মনিকেও প্রিজন ভ্যানে করে সেখানে নেওয়া হয়।
বেলা পৌনে ৩টার দিকে বৃষ্টির মধ্যে তৌফীক নাওয়াজকে তাঁর বাবা আমিনর রহমানের কবরের পাশে দাফন করা হয়। পাশে তাঁর মা খায়রন নেছার কবর রয়েছে। দাফনের সময় মেয়ে দ্বীপান্বিতা নাওয়াজও উপস্থিত ছিলেন এবং তিনি কবরে মাটি দেন।
দাফন শেষে বনানী গোরস্তান মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দীপু মনি অংশ নেন। পরে তিনি স্বামীর জন্য দোয়া করেন।
স্বামীর দাফন শেষে দীপু মনি বনানী কবরস্থানে তাঁর বাবা এম এ ওয়াদুদের কবরও জিয়ারত করেন। এম এ ওয়াদুদ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন।
কবর জিয়ারত শেষে বৃষ্টির মধ্যেই দীপু মনিকে আবার প্রিজন ভ্যানে তোলা হয়। তাঁর প্যারোলের মেয়াদ সন্ধ্যা ৬টায় শেষ হওয়ার কথা। এর আগেই তাঁকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
২০২৪ সালের আন্দোলনের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ কারাগারে আটক আছেন। স্বামীর শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ দিতে তাঁকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।
১০৬ বার পড়া হয়েছে