ফেনীতে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ফেনীর ছাগলনাইয়ায় আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি চেপে রাখতে স্থানীয় মাতব্বররা ৩০ হাজার টাকায় সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। পুলিশ জানিয়েছে, ধর্ষণের পাশাপাশি এই জঘন্য ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অপরাধে মাতব্বরদেরও আইনের আওতায় আনা হবে।
পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে স্থানীয় টমটম চালক সাকিব, আরমান ও বাদশা আর্থিক সহায়তা দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই নারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে একটি নির্জন স্থানে নিয়ে তাকে গণধর্ষণ করে ফেলে রেখে যায় অভিযুক্তরা।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে সোমবার রাতে স্থানীয় কয়েকজন মাতব্বর বিচারের নামে সালিশ বসান। গুরুতর এই অপরাধকে আইনি প্রক্রিয়ায় না পাঠিয়ে অভিযুক্তদের মাত্র ৩০ হাজার টাকা জরিমানা করে ঘটনাটি রফা করার চেষ্টা চালান তারা।
বিষয়টি পুলিশের নজরে এলে ছাগলনাইয়া থানা পুলিশ মঙ্গলবার ভোরে ছয়ঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এতে ঘটনায় জড়িত সাকিব, আরমান ও বাদশাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেছেন। থানার পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারকৃত তিন অভিযুক্তের পাশাপাশি আইনের ঊর্ধ্বে গিয়ে সালিশের মাধ্যমে অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টাকারী মাতব্বরদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। ভুক্তভোগী পরিবার এই নৃশংসতার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।
১০৫ বার পড়া হয়েছে