নতুন দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৩:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার তাঁদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি তিনজনকে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দেন। পরে তাঁদের মধ্য থেকে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
এর আগে দুদক গঠনের জন্য পাঁচ সদস্যের বাছাই কমিটি করা হয়েছিল। বিচারপতি মো. রেজাউল হকের সভাপতিত্বে কমিটি গতকাল ষষ্ঠ সভা করে ছয়জনের নাম চূড়ান্ত করে। পরে সেই তালিকা ও সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি ওই তালিকা থেকে তিনজনকে কমিশনার হিসেবে নিয়োগ দেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৬ ধারার উপধারা (১) অনুযায়ী এ কে এম আসাদুজ্জামান, ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আইনের ৫ ধারার উপধারা (১) অনুযায়ী বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান করা হয়েছে।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে অবসর নেন। এর আগে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ৩ মার্চ দুদকের তৎকালীন চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগ করেন। এরপর থেকেই কমিশন শূন্য ছিল।
নতুন কমিশনের নিয়োগের ফলে প্রায় সাড়ে পাঁচ মাস পর দুদক আবার পূর্ণাঙ্গ কমিশন পেল। সোমবার একটি সংবাদমাধ্যমে দুদকের দীর্ঘ সময় কমিশনশূন্য থাকার বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশের পরদিনই বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয় এবং নতুন কমিশন গঠনের প্রক্রিয়া এগিয়ে যায়।
দুদক আইন অনুযায়ী, চেয়ারম্যানের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমান। অন্যদিকে দুই কমিশনারের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের সমরূপ নির্ধারণ করা হয়েছে।
১১১ বার পড়া হয়েছে