অপ্রয়োজনীয় ব্যয়ে কাটছাঁট, প্রয়োজনীয় খাতে ব্যয় অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
অপ্রয়োজনীয় খাতে সরকারি ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দেশের জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ খাতে ব্যয়ের ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করা হবে না বলে জানিয়েছেন তিনি।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার (১৮ আগস্ট) আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে রাজস্ব আহরণ ও সরকারি ব্যয় ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা হয়।
অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। একই সঙ্গে দেশের প্রয়োজনীয় খাতগুলোতে যথাযথ ব্যয় নিশ্চিত করা হবে।
তিনি বলেন, সরকারের প্রতিটি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। যার যে কাজ, সেটি সঠিকভাবে সম্পন্ন করা গেলে দেশের সামগ্রিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
সম্মেলনে রাজস্ব আহরণ বাড়ানো, কর ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা এবং অর্থনীতির প্রয়োজন অনুযায়ী রাজস্ব সংস্থানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, রাজস্ব নিয়ে জনগণের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে, তা দূর করাও সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি জনগণের আস্থা তৈরির ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
১১১ বার পড়া হয়েছে