ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭, উদ্ধারে ফায়ার সার্ভিস
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৭:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন। মুন্সিগঞ্জের শ্রীনগরের বেজগাঁও এলাকায় সংঘটিত এই দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
দমকল বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বরিশালের পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকামুখী রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় পৌঁছালে বাসটি মহাসড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।
can ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যায়। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দমকল কর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে দুর্ঘটনাকবলিত বাসের ভেতর থেকে আটকে পড়া সাতজন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হন।
আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের নিজস্ব অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। উদ্ধারকৃত আহতদের মধ্যে রয়েছেন পিরোজপুর জেলার অর্চনা মিলি, কানিজ ফাতেমা, রাজু, নূরনবী, ইব্রাহিম, মরিয়ম এবং বরগুনা জেলার বাসিন্দা সাউদা বেগম। দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
১০৭ বার পড়া হয়েছে