উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় চালক নিহত, মহাসড়ক অবরোধ
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৩:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশের দেরিতে আসার অভিযোগে ক্ষুব্ধ স্থানীয় জনতা মরদেহ সড়কে রেখে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে। এর ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর চারটার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক প্রাণ হারান। তবে নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, দুর্ঘটনার পরপরই হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশকে একাধিকবার খবর দেওয়া হলেও তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি। পুলিশের এই উদাসীনতার প্রতিবাদে উত্তেজিত জনতা নিহতের মরদেহ মহাসড়কে রেখেই অবরোধ সৃষ্টি করে।
অবরোধের কারণে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উভয় দিকে শত শত যানবাহন আটকে পড়ে। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এতে দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষুব্ধ স্থানীয়দের সড়ক অবরোধ কর্মসূচি চলছিল।
এদিকে দেরিতে আসার অভিযোগ অস্বীকার করে হাটিকুমরুল হাইওয়ে থানার ডিউটি অফিসার সানোয়ার হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
১১০ বার পড়া হয়েছে