বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলারডুবি, ১০ জেলেকে জীবিত উদ্ধার
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১০ জন জেলেসহ একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। নিখোঁজ হওয়া সব জেলেকে অন্য ট্রলারের সহায়তায় অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও ট্রলারটি উদ্ধার করা যায়নি। সোমবার সকালে গভীর সমুদ্রের হাইরের চর এলাকায় আকস্মিক এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধুলাসার ইউনিয়নের আশাখালী এলাকা থেকে সোমবার ভোররাতে ১০ জন মাঝিমাল্লা নিয়ে ট্রলারটি সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দেয়। পায়রা বন্দর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গভীর সাগরের হাইরের চর এলাকায় পৌঁছালে হঠাৎ প্রচণ্ড ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।
দুর্ঘটনার পর পরই পার্শ্ববর্তী একটি ট্রলারের জেলেরা তাৎক্ষণিকভাবে সাতজনকে উদ্ধার করতে সক্ষম হলেও বাকি তিনজন নিখোঁজ ছিলেন। পরবর্তীতে দুপুরের দিকে অন্য আরেকটি ট্রলারের মাধ্যমে নিখোঁজ তিন জেলেকেও অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদে কূলে ফিরিয়ে আনা হয়। বর্তমানে উদ্ধারকৃত সকল জেলাই সুস্থ আছেন বলে নিশ্চিত করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ট্রলারের মালিক শামিম রেজা জানান, দুর্ঘটনায় ট্রলার এবং জালসহ ভেতরের সব সরঞ্জাম সাগরে তলিয়ে গেছে। এতে তার আনুমানিক ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে চরম ক্ষয়ক্ষতির মধ্যেও সব জেলের প্রাণ রক্ষা পাওয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন।
১২৮ বার পড়া হয়েছে