ঝিনাইদহে সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দারসহ গ্রেফতার ৫
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৯:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহে নাশকতা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে অর্থায়নের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নায়েব আলী জোয়ার্দারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে জেলা শহর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ধৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ জেলা পুলিশ ও স্থানীয় থানা সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা শুরু করে। এরই অংশ হিসেবে শনিবার ভোরে ঝিনাইদহ পৌর শহরের আরাপপুর এবং শৈলকুপার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দারসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অন্য ব্যক্তিরা হলেন শৈলকুপা উপজেলার বাসিন্দা বাদশা আলমগীর, মাজিবুল ইসলাম, আল নাহিয়ান সাকিব এবং মো: হাসিবুল ইসলাম। এদের মধ্যে অনেকেই আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মী বলে জানা গেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে। এছাড়া সম্প্রতি উপজেলার সারুটিয়া ইউনিয়নে ছাত্রলীগের ঝটিকা মিছিলের পেছনে তাদের মদদ ও পৃষ্ঠপোষকতা ছিল বলে পুলিশের দাবি।
পুলিশ আরও জানিয়েছে, আটককৃত সবার বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
১২৫ বার পড়া হয়েছে