চাঁপাইনবাবগঞ্জে অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ৮:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত ও অসহনীয় লোডশেডিং বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ করেছেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি ছয় দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। চলমান পর্ব সমাপনী পরীক্ষার মধ্যে এই তীব্র বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ তাদের।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বুধবার সকাল ১০টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, বর্তমানে প্রতিষ্ঠানে পর্ব সমাপনী পরীক্ষা চলছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে দিন-রাত অতিরিক্ত ও অনিয়মিত লোডশেডিংয়ের কারণে তারা পড়াশোনায় একেবারেই মনোযোগ দিতে পারছেন না। এতে তাদের পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি বিঘ্নিত হচ্ছে এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, কেবল তাদের পড়াশোনাই নয়, পুরো জেলা শহর ও গ্রামাঞ্চলে তীব্র বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসেবা এবং গৃহস্থালির স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।
সমস্যা সমাধানে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ছয় দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—পরীক্ষা চলাকালীন পলিটেকনিক ইনস্টিটিউট ও আশপাশের এলাকায় অনাকাঙ্ক্ষিত লোডশেডিং বন্ধ করা, লোডশেডিংয়ের একটি নির্দিষ্ট ও প্রকাশ্য সময়সূচি দেওয়া এবং বিশেষ করে সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
এছাড়া, বারঘরিয়া এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া এবং পলিটেকনিকের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পিডিবি অথবা নেসকোর আওতাভুক্ত করার দাবি জানান তারা। কর্মসূচিতে মাসুম বিল্লাহ, রিপন আলী ও আব্দুর রহিমসহ অন্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত লোডশেডিং দূর করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে না আনলে আরও কঠোর আন্দোলনে নামবেন তারা।
১২১ বার পড়া হয়েছে