বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন রোনালদো–জর্জিনা
বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ এক দশকের প্রেমের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। মঙ্গলবার পর্তুগালের সৈকত শহর কাসকাইসে ঘরোয়া এক অনুষ্ঠানে তাঁদের বিয়ে হয়েছে। অনুষ্ঠানে দম্পতির পাঁচ সন্তানও উপস্থিত ছিল।
কয়েক দিন ধরে ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ে নিয়ে নানা গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে বিয়ের খবর নিশ্চিত করেছেন রোনালদোর প্রতিনিধিরা। তাঁদের বিয়ের অনুষ্ঠানটি ছিল একান্তই ব্যক্তিগত ও পারিবারিক।
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন রোনালদো। ছবিতে দেখা যায়, জর্জিনার হাতের ওপর রাখা রোনালদোর হাত। দুজনের অনামিকায় ছিল বিয়ের আংটি। ছবির সঙ্গে ভালোবাসার প্রতীক ও ‘সি’ এবং ‘জি’ অক্ষর ব্যবহার করেন রোনালদো। এরপরই ভক্তদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যায়।
গত বছরের ১১ আগস্ট বাগ্দানের খবর জানিয়েছিলেন জর্জিনা। সেদিন অনামিকায় বড় একটি আংটি পরা অবস্থায় রোনালদোর হাতের ওপর নিজের হাত রাখা একটি ছবি প্রকাশ করেছিলেন তিনি। ঠিক এক বছর পর সেই সম্পর্ক পেল আনুষ্ঠানিক পরিণতি।
রোনালদো ও জর্জিনার বিয়ের স্থান নিয়েও আগে নানা আলোচনা ছিল। পর্তুগিজ সংবাদমাধ্যমের খবরে সিনত্রা ও রোনালদোর জন্মস্থান মাদেইরার নাম উঠে এসেছিল। এমনকি মাদেইরার ফুনশালের একটি গির্জায় তাঁদের বিয়ে হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়লে সেখানে অনেক মানুষ জড়ো হন। পরে অবশ্য জানা যায়, সেই গির্জায় রোনালদো-জর্জিনার কোনো অনুষ্ঠান নির্ধারিত ছিল না।
শেষ পর্যন্ত লিসবন থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কাসকাইসকে বিয়ের স্থান হিসেবে বেছে নেন তাঁরা। সেখানে রোনালদো ও জর্জিনার একটি ভিলা রয়েছে।
২০১৬ সালে স্পেনের মাদ্রিদে গুচির একটি শোরুমে জর্জিনা বিক্রয়কর্মী হিসেবে কাজ করার সময় তাঁদের পরিচয়। পরে সেই পরিচয় গড়ায় প্রেমে। জর্জিনা একে ‘প্রথম দেখাতেই প্রেম’ হিসেবে বর্ণনা করেছেন। ২০১৭ সালের শুরুতে দুজনকে প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে দেখা যায়। একই বছর সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন রোনালদো।
রোনালদো ও জর্জিনার পাঁচ সন্তান রয়েছে। রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র ২০১০ সালে জন্ম নেয়। তাঁর মায়ের পরিচয় কখনো প্রকাশ করেননি রোনালদো। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় যমজ ইভা মারিয়া ও মাতেও। একই বছরের শেষ দিকে জর্জিনার গর্ভে জন্ম নেয় তাঁদের মেয়ে অ্যালানা মার্টিনা। ২০২২ সালে জর্জিনার গর্ভে যমজ সন্তান বেলা ও অ্যাঞ্জেলের জন্ম হয়। তবে জন্মের পরই মারা যায় অ্যাঞ্জেল।
ফুটবল মাঠেও রোনালদোর সাফল্যের তালিকা দীর্ঘ। পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৭৬ গোল করেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে খেলেছেন এই পর্তুগিজ তারকা। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। পাঁচবার ব্যালন ডি’অর জেতার পাশাপাশি পাঁচবার চ্যাম্পিয়নস লিগের শিরোপাও জিতেছেন তিনি। ইংল্যান্ড, স্পেন ও ইতালিতেও লিগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন।
পর্তুগাল জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ডও রোনালদোর দখলে। মাঠের সাফল্যের পাশাপাশি জর্জিনাকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিশ্বের অন্যতম আলোচিত তারকা জুটি হয়ে উঠেছেন তাঁরা।
১৩৪ বার পড়া হয়েছে