মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি বেল্লাল গ্রেফতার
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার অপর দুই সহযোগী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামিকে মাদক মামলায় কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ইয়াবা বেচাকেনার খবর পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি বিশেষ দল ওই এলাকার আয়েশা ছিদ্দিকা (রাঃ) জামে মসজিদের সামনের কাঁচা রাস্তায় অভিযান চালায়। সেখানে স্থানীয় লোকজনের সহায়তায় বেল্লালকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে আটক বেল্লালের দেহ তল্লাশি করে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় তার দুই সহযোগী। পলাতক অভিযুক্তরা হলেন— নয়াপাড়া এলাকার আল আমিন খলিফা (৪২) এবং মো. রুমান (২২)। গ্রেফতারকৃত বেল্লাল আলীপুর ৩ নং ওয়ার্ডের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত বেল্লাল এবং পলাতক অপর দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার সকালে কলাপাড়া জুডিশিয়াল আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
১১৪ বার পড়া হয়েছে