পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, ১ জন পরীক্ষা দিয়েও অকৃতকার্য
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ২:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। শতভাগ ফেল করা এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুটি উচ্চবিদ্যালয় এবং একটি দাখিল মাদ্রাসা রয়েছে। এই নজিরবিহীন ফলাফল বিপর্যয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার মাত্র একজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং সেও অকৃতকার্য হয়েছে। অন্যদিকে, বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। এ ছাড়া তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া দাখিল মাদ্রাসা থেকে এবার ২১ জন পরীক্ষা দিলেও তাদের কেউই কৃতকার্য হতে পারেনি।
ফল প্রকাশের পর বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় একশত শিক্ষার্থী থাকার কথা থাকলেও সেখানে উপস্থিত ছিল মাত্র ১০ জন শিক্ষার্থী ও তিনজন শিক্ষক। বিদ্যালয়টিতে কোনো সাইনবোর্ড নেই এবং ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হলেও এটি এখনও এমপিওভুক্ত হয়নি। প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীদের বিদ্যালয়ে পাওয়া যায়নি।
একই চিত্র দেখা গেছে বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়েও। সেখানেও কোনো সাইনবোর্ড দেখা যায়নি এবং বিদ্যালয়ের প্রধান কক্ষটি তালাবদ্ধ ছিল। টিনের ছাউনি দেওয়া একটি জরাজীর্ণ ঘর থাকলেও সেটির দরজা, জানালা কিংবা বেড়া বলতে কিছুই অবশিষ্ট নেই। উপজেলা শিক্ষা অফিস থেকেও এই প্রতিষ্ঠান সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুর ইসলাম জানান, এবারের এসএসসি পরীক্ষার ফলাফলের তথ্য অনুযায়ী বোদা উপজেলায় দুটি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এই চরম ব্যর্থতার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
১০৫ বার পড়া হয়েছে