প্রধানমন্ত্রী জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ: এমরান সালেহ প্রিন্স
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ১:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যাশা অনুযায়ী ‘আয়রন ম্যান’ হিসেবে আবির্ভূত হয়েছেন। গণতন্ত্র, উন্নয়ন, সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনকল্যাণে তিনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ, জনগণের নিরাপত্তা এবং আইনের শাসনের প্রশ্নে তারেক রহমান দৃঢ়চেতা ও আপসহীন।
শুক্রবার (২ অক্টোবর) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল বাজারে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির পাঠানো ত্রাণসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান। এর আগে গত ২২ সেপ্টেম্বর তিনি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন।
গত ২০ সেপ্টেম্বর ভোররাতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ধুরাইল ইউনিয়নের পাবিয়াজুরি ও গোরকপুর গ্রামের ১৫টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এতে ৫৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
শুক্রবার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে এমরান সালেহ প্রিন্স বলেন, অপরাধ, দখল, মাদক, সন্ত্রাস, নৈরাজ্য, অপপ্রচার, অনৈতিকতা ও বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। অপরাধ দমনে কঠোর বার্তা দিয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থানের প্রকাশ ঘটিয়েছেন। অপরাধী যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক না কেন, তার কোনো দল নেই এবং কোনো ছাড়ও নেই।
তিনি বলেন, ঝড়ের পরপরই রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নন-ফুড সামগ্রী, ঘর নির্মাণের প্রয়োজনীয় উপকরণ, রান্নার সামগ্রী, তাঁবু ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ দেওয়া হচ্ছে।
এমরান সালেহ প্রিন্স বলেন, দুর্যোগ মোকাবিলা শুধু দুর্যোগের পর ত্রাণ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। দুর্যোগের আগে মানুষকে সতর্ক ও প্রস্তুত করা, দুর্যোগের সময় দ্রুত উদ্ধার ও জরুরি সহায়তা দেওয়া এবং দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও পুনর্গঠন—এই তিনটি বিষয়কে সমন্বিতভাবে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম প্রস্তুতি, দ্রুত উদ্ধার এবং পরবর্তী পুনর্বাসন কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হচ্ছে। ময়মনসিংহ ইউনিটকে ইতিমধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির মডেল ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় উদ্ধারসামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষিত জনবল তৈরির পাশাপাশি গবেষণা ও প্রশিক্ষণের সক্ষমতা বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি দুর্যোগ ও দুর্বিপাকে জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করছে। অসহায় মানুষের তাৎক্ষণিক প্রয়োজন পূরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন ও পুনর্গঠনের ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্দেশে তিনি বলেন, তাদের দুর্ভোগ লাঘব এবং স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে সরকার ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতা অব্যাহত থাকবে।
পরে এমরান সালেহ প্রিন্স ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫৩টি পরিবারের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে কিচেন সেট, শেল্টার কিট, হাইজিন পার্সেল ও তারপলিন বিতরণ করেন।
অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর, হালুয়াঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কাজিম উদ্দিন, ধুরাইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রভাষক মাসুম বিল্লাহ, সদস্যসচিব সারোয়ার জাহান স্বাধীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল, গোরকপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ উল্লাহ, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপন, যুব রেড ক্রিসেন্টের সদস্য মাহমুদুল হাসান এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে তৈয়বুর রহমান, জালাল উদ্দিন ও রয়মন নেছা বক্তব্য দেন।
এ ছাড়া অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
১১৫ বার পড়া হয়েছে