রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড
সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৬:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে শুনানি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম জয়ের আদালত এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রূপগঞ্জ উপজেলার গোয়ালপাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে সাইফুল ইসলাম সমর, হাটাবো দক্ষিণপাড়া এলাকার মোতালেব মিয়ার ছেলে ফয়সাল এবং সুলতানবাগ এলাকার সাহাজউদ্দিন মোল্লার ছেলে আব্দুল মালেক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম সমরকে এক বছরের, ফয়সালকে দুই মাসের এবং আব্দুল মালেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, ওই তিনজন বেশ কিছুদিন ধরে ইয়াবা, মদ ও গাঁজা বিক্রি এবং সেবনের সঙ্গে জড়িত—এমন তথ্য তাদের কাছে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ নিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এরপর তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আদালতে অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন। পরে শুনানি ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত তিনজনকে পরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১০৬ বার পড়া হয়েছে