গোপালগঞ্জে আরও ৪ আওয়ামী লীগ নেতার পদত্যাগ, ৫ দিনে ছাড়াল ২০০
শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে দলটির ঘাঁটি হিসেবে পরিচিত অঞ্চলে আওয়ামী লীগের রাজনীতি ও পদ-পদবি থেকে নেতাকর্মীদের গণপদত্যাগ অব্যাহত রয়েছে। গত দুই দিনে মুকসুদপুর ও কাশিয়ানীতে আরও চারজন স্থানীয় প্রভাবশালী নেতা দল থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। গত পাঁচ দিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী পদত্যাগ করায় জেলাটিতে তৃণমূলের রাজনীতি বড় সংকটে পড়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্র ও শনিবার দুই দিনে গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় দলটির আরও চার নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর মধ্যে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শনিবার সকালে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এফ এম মামুন পদত্যাগের ঘোষণা দেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনায়েত ফকির দল ছাড়ার ঘোষণা দেন। পদত্যাগকারী নেতারা জানান, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণে তারা স্বেচ্ছায় রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন। ভবিষ্যতে তারা আর কখনোই কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হবেন না বলে অঙ্গীকার করেন।
একইভাবে শুক্রবার সন্ধ্যায় কাশিয়ানীর মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কাইয়ুম শেখও সংবাদ সম্মেলন করে দল থেকে অব্যাহতি নেন। তিনি জানান, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ থেকে পদত্যাগ করছেন এবং দলের সাথে তাঁর আর কোনো সম্পর্ক থাকবে না।
আওয়ামী লীগ সরকারের পতন ও পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে গোপালগঞ্জজুড়ে দলটির নেতাকর্মীদের মাঝে চরম হতাশা ও আতঙ্ক বিরাজ করছে। আওয়ামী লীগের এক সময়ের দুর্ভেদ্য দুর্গ হিসেবে পরিচিত এই জেলায় একের পর এক তৃণমূল নেতার পদত্যাগে দলের সাংগঠনিক অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
১২৫ বার পড়া হয়েছে