নরসিংদীতে সড়কের পাশের ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ২:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশের ডোবার পানিতে ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নামের দুই মামাতো-ফুফাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। খেলার ছলে ডোবায় পড়ে যাওয়া ভাইকে বাঁচাতে গিয়ে দুজনেই এই করুণ পরিণতির শিকার হয়। মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই শিশুর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নিহত নাবিল নোয়াদিয়ার বাসিন্দা বজলুর রহমানের ছেলে এবং তাওহীদ পার্শ্ববর্তী শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। তারা দুজনে বিকেলে মনোহরদীর নোয়াদিয়া এলাকার সড়কে ঘুরতে বের হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার মুখে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলার একপর্যায়ে অসাবধানতাবশত নাবিল সড়কের পাশের নির্জন এলাকায় থাকা একটি গভীর ডোবায় পড়ে যায়। তাকে টেনে তুলতে গিয়ে অন্য ভাই তাওহীদও পানির নিচে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর এক শিশুর মরদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করতে এগিয়ে আসেন।
উদ্ধারকারীরা জানান, প্রথম শিশুটির লাশ তোলার সময় দেখা যায় তার হাতটি অপর শিশুর হাতকে শক্ত করে আঁকড়ে ধরে আছে। পরে দুজনকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৩৮ বার পড়া হয়েছে