বকশীগঞ্জে অডিটোরিয়াম উদ্বোধন ও ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী মিল্লাত
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জে নবনির্মিত আধুনিক উপজেলা পরিষদ অডিটোরিয়ামের শুভ উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে এলাকার অসহায়, দুঃস্থ ও পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার, ঢেউটিন এবং গৃহ মঞ্জুরির অর্থ বিতরণ করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের সূচনা করেন।
বকশীগঞ্জ উপজেলা প্রশাসন, প্রকৌশল বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এই জমকালো উদ্বোধনী ও মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক। এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা-উল-হুসনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স এবং পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন। অন্যান্য বক্তারা এলাকার সার্বিক উন্নয়নে প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানান।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বকশীগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান। অডিটোরিয়াম উদ্বোধনের আগে তিনি বকশীগঞ্জ পৌরসভার একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের ফলক উন্মোচন করেন।
১৩৮ বার পড়া হয়েছে