২৫০ শয্যায় উন্নীত হচ্ছে ফরিদপুর জেনারেল হাসপাতাল: প্রথম সভায় গুরুত্ব পেল সেবার মানোন্নয়ন
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ৪:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং চিকিৎসাসেবার মানোন্নয়নের লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হাসপাতাল কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ও কমিটির সভাপতি চৌধুরী নায়াব ইউসুফ।
হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় ফরিদপুরের স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। চিকিৎসাসেবার মান উন্নত করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সভায় বিশেষ অতিথি ও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম। এছাড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদ, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ.এস.এম. আনিছুর রহমান ও সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. এহিয়াতুজ্জামানসহ কমিটির অন্যান্য সদস্যরা এতে অংশ নেন।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম. কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ এবং সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ। এছাড়াও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নিয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
সভায় হাসপাতালের জরুরি বিভাগের আধুনিকায়ন, সার্বক্ষণিক ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ, আধুনিক প্যাথলজিক্যাল সেবার পরিধি বাড়ানো এবং চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়। একই সঙ্গে হাসপাতালের চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বক্তারা।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা আরও বলেন, ফরিদপুর জেনারেল হাসপাতালকে একটি আধুনিক, জনবান্ধব ও সম্পূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা সময়ের দাবি। এর জন্য কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীকে অত্যন্ত আন্তরিকতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়।
১০৫ বার পড়া হয়েছে