মুন্সীগঞ্জে জাতীয় সমবায় পুরস্কার ২০২৫-এর প্রার্থী নির্বাচন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জাতীয় সমবায় পুরস্কার ২০২৫-এর জন্য জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ী নির্বাচনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় যোগ্য প্রার্থী বাছাইয়ের নীতিমালার পাশাপাশি সমবায় ব্যবস্থার সুশাসন ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই মনোনয়ন নির্ধারণী সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সভায় জেলার বিভিন্ন সমবায় সমিতি ও সফল সমবায়ীদের পক্ষ থেকে জমা পড়া আবেদনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হয়। সরকারি নীতিমালা ও সুনির্দিষ্ট যোগ্যতার মাপকাঠি বজায় রেখে চূড়ান্ত প্রার্থী সুপারিশের জন্য আলোচনা করেন উপস্থিত কর্মকর্তারা।
উক্ত সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, জেলা সমবায় কর্মকর্তা মো. মাইনউদ্দিন খন্দকার এবং জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান। এছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
বক্তারা সমবায় আন্দোলনের ব্যাপক প্রচার ও প্রসারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, সমবায়ভিত্তিক টেকসই অর্থনৈতিক মডেল গড়ে তোলার জন্য প্রতিটি সমিতিতে সুশাসন, আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যোগ্য প্রার্থীদের রাষ্ট্রীয় এই পুরস্কারে ভূষিত করা হলে তা সাধারণ সমবায়ীদের আরও উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
১১৯ বার পড়া হয়েছে