শৈলকুপায় সওজের উচ্ছেদ অভিযান: উদ্ধার ২ একরের বেশি সরকারি জমি
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৯:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপায় শেখপাড়া-লাঙ্গলবাধ জেলা সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। অভিযানে সড়কের দুই পাশের অবৈধ ১৯টি স্থাপনা উচ্ছেদ করে প্রায় ২.২৮৬ একর সরকারি জমি দখলমুক্ত করা হয়।
শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর নেতৃত্বে শেখপাড়া-লাঙ্গলবাধ সড়কের পাইকপাড়া, ডাউটিয়া ও চাকিরগাতি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে স্থানীয় বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী ও শৈলকুপা থানা পুলিশ।
উচ্ছেদ অভিযান চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান, ঝিনাইদহ সওজের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন ও সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীরসহ অন্যান্য কর্মকর্তারা।
ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান জানান, শেখপাড়া-লাঙ্গলবাধ জেলা সড়ক প্রশস্তকরণ, মজবুতিকরণ ও বাঁক সরলীকরণ প্রকল্পের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্ধারকৃত ১৯টি স্থাপনা তাৎক্ষণিকভাবে প্রকাশ্য নিলামের মাধ্যমে ১ লাখ ৪৫ হাজার ১০ টাকায় বিক্রি করে দেওয়া হয়। এই অর্জিত অর্থ দ্রুতই রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
১৩৪ বার পড়া হয়েছে