সর্বশেষ

সারাদেশ

শিশুদের অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন বগুড়ার প্রধান শিক্ষিকা মেরিনা জাহান

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ৩৬ বছরের গৌরবময় শিক্ষকতা জীবন শেষে বগুড়ার শাহজাহানপুর উপজেলার ভান্ডার পাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরিনা জাহান মুন অবসর গ্রহণ করেছেন। তাঁর এই বিদায়লগ্নে প্রিয় শিক্ষককে ধরে কেঁদে আকুল হয়েছে খুদে শিক্ষার্থীরা, যা এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেছে। সরকারি নিয়ম অনুযায়ী চাকরিকাল শেষ হলেও শিক্ষার্থীদের হৃদয়ে তিনি চিরকাল এক অনন্য আদর্শ হিসেবেই থাকবেন।

বিদায়ের ঘণ্টা বাজার সাথে সাথেই ভান্ডার পাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসেন প্রধান শিক্ষক মেরিনা জাহান মুন। শেষবারের মতো প্রিয় শিক্ষককে চোখের সামনে দেখে আবেগ ধরে রাখতে পারেনি খুদে শিক্ষার্থীরা। ফুলের তোড়া হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিশুদের চোখে তখন অশ্রুর বন্যা। কেউ জড়িয়ে ধরছে, আবার কেউ নীরবে চোখের জল ফেলছে। বিদায়ের এমন দৃশ্য দেখে উপস্থিত অভিভাবক ও অন্যান্য শিক্ষকেরাও নিজেদের চোখের জল ধরে রাখতে পারেননি।

প্রায় এক দশক ধরে এই বিদ্যালয়ে দায়িত্ব পালনকালে মেরিনা জাহান শুধু পাঠদানই করেননি, বরং বিদ্যালয়টিকে সৃজনশীল শিক্ষার এক অনন্য বিদ্যাপীঠে রূপ দিয়েছিলেন। তাঁর উদ্যোগে নিয়মিত বিজ্ঞানমেলা, বইমেলা, চারু-কারু উৎসব এবং বর্ণমেলার মতো নানা শিক্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করা হতো। প্রকৃতিকে আরেকটি শ্রেণিকক্ষ মনে করে তিনি শিক্ষার্থীদের নিয়ে প্রায়ই খোলা মাঠে ও গাছপালার ছায়ায় ক্লাস নিতেন।

শিক্ষার্থীদের প্রতি তাঁর ভালোবাসা ছিল অতুলনীয়। কোনো শিশু টানা দুই দিন ক্লাসে অনুপস্থিত থাকলে তিনি নিজে তার বাড়িতে চলে যেতেন। পরিবারের সাথে কথা বলে যেকোনো উপায়ে তাকে আবার বিদ্যালয়ে ফিরিয়ে আনতেন। বিদায় বেলায় পঞ্চম শ্রেণির ছাত্রী তাসনিয়া খাতুন অশ্রুসিক্ত কণ্ঠে বলে, ম্যাডাম আমাদের শুধু পড়াশোনাই শেখাননি, অনেক ভালোবাসতেনও। আমরা তাঁকে খুব মিস করব।

সহকর্মীদের কাছেও তিনি ছিলেন এক স্বপ্নবান পথপ্রদর্শক। সহকারী শিক্ষক কানিজ মাওলা তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, মেরিনা আপা আমাদের শিখিয়েছেন কীভাবে সীমিত সুযোগের মধ্যেও একটি বিদ্যালয়কে শিশুদের স্বপ্ন গড়ার কারিগর বানানো যায়। তাঁর বিদায় কোনো চিরতরে হারিয়ে যাওয়া নয়, বরং নতুন এক পথচলার সূচনা মাত্র।

নিজের অবসর নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মেরিনা জাহান মুন। তিনি জানান, চাকরি জীবনের সমাপ্তি ঘটলেও তিনি আমৃত্যু শিক্ষা ও সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকবেন। তাঁর জীবনের বড় অনুপ্রেরণা ছিলেন তাঁর বাবা, যিনি সবসময় বলতেন, নিষ্ক্রিয়তা মানুষের জন্য নয়, মানুষের উচিত সবসময় কিছু না কিছু সৃষ্টি করে যাওয়া। বিদায়বেলার এই অপরিসীম ভালোবাসা বুক ভরে নিয়ে তিনি জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য সবার দোয়া চেয়েছেন।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন