রাঙামাটিতে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে পিসিএনপির শোকসভা
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ১২:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ে সব সম্প্রদায়ের সমঅধিকার নিশ্চিতের মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হারুন অর রশিদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ সোলায়মান।
শোকসভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে এই তরুণদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে বক্তারা বলেন, পাহাড়ে এখনো নানা ধরনের বৈষম্য বিরাজ করছে, যা জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই কাম্য নয়। পার্বত্য অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর মাঝে সমঅধিকার নিশ্চিত করা গেলেই আন্দোলনের প্রকৃত সফলতা আসবে।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন, প্রবীণ রাজনীতিবিদ পেয়ার আহমেদ খান এবং এনসিপি নেতা শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক পরিষদ নেতা মোহাম্মদ রকিব হোসেন।
সভা শেষে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
১০৫ বার পড়া হয়েছে