সিলেটে ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা: হাতেনাতে ধরে গণপিটুনি
বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৩:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটে ডিবি পরিচয়ে এক কিশোরকে অপহরণের চেষ্টার সময় হাতেনাতে চালককে ধরে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার সকালে নগরীর মদিনা মার্কেট এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা অপহরণে ব্যবহৃত প্রাইভেটকারটি ভাঙচুর করে এবং অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়।
আখালিয়া সুরমা আবাসিক এলাকার একটি দোকানের সামনে থেকে ইমরান হোসেন নামের ১৯ বছর বয়সী এক কিশোরকে জোরপূর্বক প্রাইভেটকারে তোলার চেষ্টা করে তিন অপহরণকারী। নিজেদের তারা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্য বলে দাবি করে ভুক্তভোগীকে তুলে নেওয়ার চেষ্টা চালায়।
গাড়িটি মদিনা মার্কেটের দিকে যাওয়ার সময় ভুক্তভোগী কিশোর চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে গাড়িটির গতি রোধ করেন। এ সময় চক্রের অন্য দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও চালক সামাদকে আটকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে তারা ঢাকা মেট্রো-গ-১৩-১৫৪৭ নম্বরের প্রাইভেটকারটি ভাঙচুর করে।
খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালক ও ভুক্তভোগী কিশোরকে উদ্ধার করে। বর্তমানে তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পলাতক আসামিদের বিস্তারিত পরিচয় ও ঠিকানা শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
১২০ বার পড়া হয়েছে