গোপালগঞ্জে দুই দিনে আওয়ামী লীগের ১০৮ নেতার গণপদত্যাগ
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ২:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে দল ছাড়ার হিড়িক পড়েছে। গত দুই দিনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মোট ১০৮ জন নেতা সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দলটির সাথে আর কোনো সম্পর্ক না রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন পদত্যাগকারীরা।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একের পর এক আওয়ামী লীগ নেতাকর্মী দলীয় পদপদবি ও সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছেন। সর্বশেষ সোমবার সংবাদ সম্মেলন করে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৪১ জন নেতাকর্মী একযোগে পদত্যাগের ঘোষণা দেন। এর আগে রবিবার এক দিনেই দলটির বিভিন্ন ইউনিটের আরও ৬৭ জন নেতা পদত্যাগ করেছিলেন।
সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউর রহমান কবির মুন্সী। তিনি বলেন, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনা করে তারা ৪১ জন নেতা একযোগে দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা থাকবে না।
সোমবার পদত্যাগকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মফিজুর রহমান, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুদারা কাজী, ৫ নম্বর ওয়ার্ডের সহসভাপতি এস এম সাহিদুল ইসলাম সাধু, এবং সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমানসহ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে রবিবার প্রথম দফায় পৌর আওয়ামী লীগ, কৃষক লীগ এবং বিভিন্ন ইউনিয়ন কমিটির ৬৭ জন নেতাকর্মী দল ছাড়েন। ওইদিন পৃথক সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিল্লাল মোল্লা, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব জাকির সরদার এবং পৌর আওয়ামী লীগের সহসভাপতি আনিচুর রহমান বিশ্বাস ও কাশেম শেখসহ অন্য নেতারা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা জানান, রাষ্ট্র ও আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তারা সম্পূর্ণ স্বেচ্ছায় ও স্বজ্ঞানে এই সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে দলের প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে তারা অব্যাহতি নিচ্ছেন এবং ভবিষ্যতে দলটির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখবেন না।
১১৪ বার পড়া হয়েছে