পঞ্চগড়ে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা, বৃষ্টিতেও উপচে পড়া ভিড়
শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ের সীমান্তবর্তী অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পঞ্চগড়ে বিজিবি মেডিকেল ক্যাম্পেইন-এর আয়োজন করে ১৮ বিজিবি ব্যাটালিয়ন। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে ধামোরহাট এলাকায় আয়োজিত এই ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন শত শত সীমান্তবাসী।
আটোয়ারী উপজেলার ধামোরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পেইনের আয়োজন করা হয়। শনিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে চিকিৎসাসেবা নিতে লাইনে দাঁড়ান কয়েক শত মানুষ। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ মেডিকেল টিম দিনভর রোগীদের চিকিৎসাসেবা ও প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসসহ বিজিবির অন্যান্য পদস্থ কর্মকর্তারা।
কর্তৃপক্ষ জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সবসময়ই সীমান্তবর্তী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দরিদ্র ও দুস্থ মানুষদের মাঝে নিয়মিত ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা ও নিখরচায় স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে বাহিনীটি।
এবারের বিশেষ মেডিকেল ক্যাম্পেইনে ধামোরহাট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকার প্রায় সাড়ে চারশত থেকে পাঁচশত হতদরিদ্র, অসহায় ও দুস্থ নারী, পুরুষ এবং শিশুকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। প্রত্যন্ত অঞ্চলে হাতের কাছে এমন উন্নত চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
১৫৮ বার পড়া হয়েছে