বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক ও হেলপারসহ নিহত ৪
শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও মাছবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছেন। শনিবার সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাজীপাড়া বউবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ থেকে মাছ বিক্রি শেষ করে একটি খালি পিকআপ ভ্যান বগুড়ার দিকে ফিরছিল। পথে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে পিকআপ ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক, সহকারী (হেলপার) এবং দুই মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে লুৎফর রহমান নামের এক ব্যক্তির নাম জানা গেলেও বাকি তিনজনের নাম-পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
খবর পেয়ে কাহালু থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তারা দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে এবং মরদেহগুলো উদ্ধার করে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
১২৬ বার পড়া হয়েছে