ময়মনসিংহে দেশের প্রথম ‘নৌযান শুমারি’ নিয়ে অবহিতকরণ সেমিনার
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ৯:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে দেশের প্রথম ‘নৌযান শুমারি-২০২৬’ নিয়ে এক গুরুত্বপূর্ণ বিভাগীয় অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় নৌপথের নিরাপত্তা ও আধুনিকায়নে শুমারির গুরুত্ব তুলে ধরা হয়। আগামী ২০ আগস্ট থেকে দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে এই নৌযান গণনা কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের হলরুমে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআইজি কার্যালয়ের পুলিশ সফল সালাউদ্দিন তালুকদার, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ প্রদীপ কুমার সাহা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক ফিরোজ ইবনে ইউসুফ।
সেমিনারে জানানো হয়, আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশজুড়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে নৌযান শুমারি-২০২৬। এই শুমারির আওতায় দেশের সমস্ত ইঞ্জিনচালিত নৌকা, ড্রেজারসহ সব ধরণের নৌযান গণনা করা হবে। প্রাপ্ত তথ্যানুযায়ী, ময়মনসিংহ বিভাগে মোট ৮ হাজার ৭৯০টি ইঞ্জিনচালিত নৌযান রয়েছে, যার মধ্যে ঘাটভিত্তিক ২ হাজার ৫৫০টি এবং খানাভিত্তিক ৬ হাজার ২৪০টি।
দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমার নৌযানগুলোর সঠিক ডাটাবেজ তৈরি করাই এই শুমারির মূল লক্ষ্য। এর মাধ্যমে নৌপথের আধুনিকায়ন, নৌ-দুর্ঘটনা হ্রাস, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চালকদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করা সম্ভব হবে।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, সড়কপথের মতো নৌযানগুলোরও সুনির্দিষ্ট রেজিস্ট্রেশন থাকা জরুরি। এতে নৌপথে চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে। আইন মেনে নৌযান নিবন্ধন ও ফিটনেস নিশ্চিত করলে ভবিষ্যতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকারি আর্থিক সহায়তা দেওয়া সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
১২২ বার পড়া হয়েছে