মুন্সীগঞ্জে অটিজম শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা দিলেন জেলা প্রশাসক
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ৯:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে পলক অটিজম স্কুলের শিক্ষার্থী শাহপরাণ পরশকে বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে এই সহায়তার চেক হস্তান্তর করেন। বিশেষ চাহিদাসম্পন্ন ওই শিক্ষার্থীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।
আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সহায়তার এ অর্থ শিক্ষার্থীর অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়। শাহপরাণ পরশ মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে সে শারীরিক ও মানসিক বিভিন্ন জটিলতায় ভুগছিল।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুবায়ের হোসেন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিন। তারা শিক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সমাজের পিছিয়ে পড়া এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মূলধারায় ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। পরশের চিকিৎসা চলমান রাখতে এবং তার পরিবারের পাশে দাঁড়াতে সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়।
চেক হস্তান্তর শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শাহপরাণ পরশের দ্রুত সুস্থতা, স্বাভাবিক জীবন এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করা হয়। জেলা প্রশাসনের এমন মানবিক সহায়তায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
১২৩ বার পড়া হয়েছে