মুন্সীগঞ্জে ফ্যামিলি কার্ড সংক্রান্ত জেলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ৬:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে প্রকৃত অসচ্ছল ও যোগ্য ব্যক্তিদের মাঝে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড সংক্রান্ত জেলা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় কার্যক্রমের বর্তমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতকরণের ওপর জোর দেওয়া হয়। স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই সভায় দ্রুত যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়।
২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক জনাব এ,কে,এম ইরাদত।
সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের বর্তমান অগ্রগতি পর্যালোচনা, উপকারভোগীদের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই এবং মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের নানাবিধ চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে কীভাবে আরও দ্রুত ও স্বচ্ছ উপায়ে এই কার্যক্রম সম্পন্ন করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ যাচাই-বাছাই সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, সরকারের এই মহৎ সামাজিক নিরাপত্তা উদ্যোগের প্রকৃত সুফল যেন প্রতিটি যোগ্য ও প্রান্তিক পরিবারের দোরগোড়ায় পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। সকলের আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টাই এই কর্মসূচির মূল চাবিকাঠি।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ বিল্লাল হোসেন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ আলাল উদ্দিনসহ জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
১৬৬ বার পড়া হয়েছে