‘জামায়াতকে ভয় দেখিয়ে লাভ নেই, অন্যায়ের বিরুদ্ধে গড়ে তোলা হবে প্রতিরোধ’: এমপি আব্দুল খালেক
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ৩:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফ্যাসিস্ট সরকারের আমলে সাতক্ষীরায় অসংখ্য নেতাকর্মী আত্মত্যাগ করেছেন উল্লেখ করে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে এই জেলার মানুষ কখনো মাথা নত করবে না। যেকোনো ধরনের ভয়ভীতি উপেক্ষা করে দেশের উন্নয়ন ও জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে জামায়াতে ইসলামী আপসহীন ভূমিকা পালন করবে। সাতক্ষীরায় আয়োজিত এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার বিকেলে সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের স্মরণে এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই সভার আয়োজন করে স্থানীয় জামায়াতে ইসলামী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরার মানুষ ইসলামপ্রিয় এবং তারা কোনো অপশক্তির কাছে মাথা নত করতে জানে না। অতীতে এ জেলায় বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন এবং অনেকে শাহাদাত বরণ করেছেন। তাই কোনো মহলের ভয়ভীতি দেখিয়ে লাভ হবে না। জনগণের অধিকার আদায়ে এবং যেকোনো দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এমপি আব্দুল খালেক তাঁর বক্তব্যে সাতক্ষীরার সামগ্রিক উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, সংসদে ইতিমধ্যে সাতক্ষীরায় রেললাইন স্থাপন, বন্ধ হয়ে যাওয়া সুন্দরবন টেক্সটাইল মিল পুনরায় চালু করা, পৌরসভার আধুনিকায়ন, স্থায়ী জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ সড়ক অবকাঠামো সংস্কারের দাবি উত্থাপন করা হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য উপদেষ্টার সাতক্ষীরা সফরকালে জেলার স্বাস্থ্য খাতের অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতির কথাও তিনি স্মরণ করিয়ে দেন।
জুলাই আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করে এই সাংসদ বলেন, শহীদদের স্বপ্ন পূরণ ও দেশে সুশাসন প্রতিষ্ঠায় ‘জুলাই সনদ’ অবিলম্বে কার্যকর করা অত্যন্ত জরুরি। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
পৌর জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নূরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এবং সহকারী সেক্রেটারি মাহবুবুল আলমসহ জেলা ও পৌর কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
১২৬ বার পড়া হয়েছে