পঞ্চগড়ে শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৯:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড় সদর উপজেলার উত্তর মাগুড়া প্রধানপাড়া এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির পর জেলা প্রশাসক বরাবর একটি গণআবেদন দাখিল করা হয়। এলাকায় একটি নির্দিষ্ট পরিবারের সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভীতি প্রদর্শনের প্রতিবাদে ভুক্তভোগী এলাকাবাসী এই পদক্ষেপ নিয়েছেন।
ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, উত্তর মাগুড়া প্রধানপাড়া এলাকার বাসিন্দা আজিজুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তাঁদের অব্যাহত ভয়ভীতি প্রদর্শন, সংঘর্ষ সৃষ্টি এবং সাধারণ মানুষকে লাঞ্ছিত করার ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা। অভিযুক্তদের বিরুদ্ধে ইতোপূর্বেও থানায় একাধিক মামলা ও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল বলে মানববন্ধনে জানানো হয়।
আন্দোলনকারীদের দাবি, প্রতিবাদী কণ্ঠস্বর দমাতে অভিযুক্তরা স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। সম্প্রতি গত ২৪ জুলাই সংঘটিত একটি নৃশংস হামলায় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসী আরও অভিযোগ করেন, হামলার পাশাপাশি বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ এবং গবাদিপশু লুটের মতো ঘটনাও ঘটেছে। এসব ঘটনার পর থেকে ওই এলাকার নারী ও শিশুসহ সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতিতে এলাকায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। কর্মসূচি শেষে ভুক্তভোগীরা পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিনের কার্যালয়ে গিয়ে তাঁর হাতে একটি লিখিত গণআবেদন হস্তান্তর করেন। জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
১২৮ বার পড়া হয়েছে