খুলনায় শিশুকে মোবাইলে ছবি দেখানোর প্রলোভনে যৌন নিপীড়নের চেষ্টা
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৫:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় নয় বছরের এক শিশুকে মোবাইলে ছবি দেখানোর প্রলোভন দিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত মজিবুর রহমান মফিজ পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন টুটুলনগর এলাকায় শুক্রবার জুমার নামাজের পর এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। প্রতিবেশী মজিবুর রহমান মফিজ নামের এক ব্যক্তি ওই শিশুটিকে মোবাইলে ছবি দেখানোর নাম করে ডেকে নিয়ে যায়। এরপর নির্জন স্থানে নিয়ে শিশুটির ওপর যৌন নিপীড়ন চালানোর চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনার পর ভুক্তভোগী শিশুটির পিতা মো. মনিরুজ্জামান গাজী বাদী হয়ে হরিণটানা থানায় অভিযুক্ত মজিবুর রহমান মফিজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত মফিজ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
১২৪ বার পড়া হয়েছে