পদ্মার ভাঙনে দিশেহারা মুন্সীগঞ্জ: ত্রাণ বিতরণ, জোর দাবি স্থায়ী বাঁধের
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৩:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের পদ্মার তীব্র ভাঙনে ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে চরম বিপাকে পড়েছেন সদর ও টংগীবাড়ী উপজেলার শত শত মানুষ। দুর্গতদের সহায়তায় জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে এবং পদ্মার করাল গ্রাস থেকে রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানানো হয়েছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখী এবং টংগীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নে পদ্মার অব্যাহত ভাঙনে ভেঙে পড়েছে স্থানীয়দের জীবনযাত্রা। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এক আলোচনা সভা ও ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
নদী তীরবর্তী এলাকায় গিয়ে দেখা যায়, তীব্র ভাঙনে বহু পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে। আপৎকালীন ব্যবস্থা হিসেবে নদীতীরে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হলেও স্থানীয় বাসিন্দারা একটি স্থায়ী বাঁধের জন্য আকুল আবেদন জানিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি মুন্সীগঞ্জের জেলা প্রশাসক নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাময়িক স্বস্তি দিতে ত্রাণ বিতরণ করা হলেও ভাঙন রোধের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া এ অঞ্চলের মানুষকে বাঁচানো সম্ভব নয়। পদ্মা নদীর এই ভয়াল রূপ রুখতে টেকসই এবং স্থায়ী বাঁধ নির্মাণ এখন সময়ের সবচেয়ে বড় দাবি। সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
ত্রাণ বিতরণের পাশাপাশি এই সভায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়। সমাজ থেকে মাদক, জুয়া, সন্ত্রাস ও নারী-শিশু নির্যাতন রোধে জনপ্রতিনিধি, শিক্ষক এবং সাধারণ মানুষের সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন উপস্থিত অতিথিরা।
২০৬ বার পড়া হয়েছে