পাবনায় নাশকতার মামলায় সাবেক এমপির ছেলেসহ দুই আ.লীগ নেতা গ্রেফতার
বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনায়েন রাসেলসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতারের পর তাঁদের পাবনার ভাঙ্গুড়া থানার একটি নাশকতার মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল সোমবার রাতে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের এই দুই নেতাকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃত গোলাম হাসনায়েন রাসেল (৫২) পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে। তিনি ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গ্রেফতার হওয়া অন্যজন হলেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক বশির আহমেদ (৫২)।
ভাঙ্গুড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের মে মাসে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটে। পরবর্তীতে এই ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত দুজন ওই নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহযোগিতায় ঢাকা থেকে তাঁদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
১২৮ বার পড়া হয়েছে