ধোবাউড়ায় যুবদল ও ছাত্রদলের সঙ্গে এমরান সালেহ প্রিন্সের মতবিনিময়
রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১০:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ এক মতবিনিময় সভা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। রোববার জেলা পরিষদ ডাক বাংলোতে অনুষ্ঠিত এ সভায় তিনি দলের শৃঙ্খলা রক্ষা ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর বিশেষ জোর দেন।
সভায় প্রধান অভিনব ও দিকনির্দেশনামূলক বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স নেতাকর্মীদের রাজনৈতিক আদর্শ ও জনমুখী কর্মসূচি জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, দলের মূল শক্তি হচ্ছে তৃণমূলের সাধারণ নেতাকর্মী ও দেশের জনগণ। তাই ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের মাধ্যমে সংগঠনকে আগামী দিনের জন্য আরও সুসংহত ও শক্তিশালী করতে হবে।
অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি ও চোরাচালানের মতো অনৈতিক ও সামাজিক অপরাধের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। দলীয় প্রভাব খাটিয়ে কোনো প্রকার অপরাধমূলক কাজে জড়িত হওয়া যাবে না এবং অপরাধীদের কোনো সাংগঠনিক আশ্রয় বা শেল্টার দেওয়া হবে না।
বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিস্ট কায়দায় দেশ চালাতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ জনধিকৃত হয়ে ফেরারী জীবন যাপন করছেন। তাদের এই পরিণতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিএনপি কোনো ফ্যাসিস্ট সংগঠন নয়, এটি জনগণের গণতান্ত্রিক দল; তাই সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেই রাজনীতি করতে হবে।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী দিনে ধোবাউড়ায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
১৬২ বার পড়া হয়েছে