বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবি, কলাপাড়ায় জেলেদের বিশাল মানববন্ধন
শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং, বটম ট্রলিং ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় বিশাল মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় সাধারণ জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। শনিবার কলাপাড়ার আশাখালী মৎস্য বন্দরে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশ মানুষ অংশ নিয়ে প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অবৈধ ট্রলিংয়ের কারণে সামুদ্রিক মৎস্যসম্পদ ধ্বংস হওয়ার পাশাপাশি উপকূলীয় জেলেদের জীবিকা হুমকির মুখে পড়েছে বলে জানান আন্দোলনকারীরা।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আশাখালী মৎস্য বন্দরে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় মৎস্যজীবীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরে কতিপয় অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ক্ষতিকর মৎস্য শিকার কার্যক্রম চালিয়ে আসছে।
আন্দোলনরত জেলেরা জানান, সাগরে বিষাক্ত বেহুন্দি জাল ও তলদেশ স্ক্র্যাপকারী বটম ট্রলিংয়ের অবাধ ব্যবহারের ফলে ছোট-বড় সব প্রজাতির মাছ এবং জলজ প্রাণীর প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে প্রতিনিয়ত উজাড় হচ্ছে সামুদ্রিক সম্পদ, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ জেলেদের জালে। পর্যাপ্ত মাছ না পাওয়ায় উপকূলীয় অঞ্চলের হাজার হাজার পরিবার এখন চরম অর্থনৈতিক সংকটের মুখোমুখি।
আশাখালী মৎস্য ব্যবসায়ী সমিতির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি নেতারা এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন। তাঁরা অনতিবিলম্বে অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে সাগরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর নিয়মিত অভিযান পরিচালনার জোর দাবি জানান। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, কিছু ট্রলিং ব্যবসায়ী আদালতের ভুল ব্যাখ্যা দিয়ে সাময়িক সুযোগ নিয়েছেন। সরকারের পক্ষ থেকে দ্রুতই ওই আদেশের বিরুদ্ধে আইনি আপিল দায়ের করা হবে বলে আশ্বাস দেন এই কর্মকর্তা।
১২১ বার পড়া হয়েছে