জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়ার পদত্যাগ
শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৫:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন গোলাম কিবরিয়া। শারীরিক অসুস্থতা ও পারিবারিক ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২ জুলাই দলের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর আনুষ্ঠানিক পদত্যাগপত্র প্রেরণ করেন গোলাম কিবরিয়া। রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনের মাধ্যমে এই পদত্যাগপত্রটি কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বিশ্বস্ততা ও নিষ্ঠার সাথে জয়পুরহাট জেলায় দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তিনি।
পদত্যাগপত্রে বিদায়ী এই নেতা উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে তিনি অত্যন্ত সততা ও একাগ্রতার সাথে জেলা এনসিপির আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতি থেকে শুরু করে মূল দলের প্রতিটি আন্দোলন ও কর্মসূচিতে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।
তবে বর্তমান সময়ে বয়স বৃদ্ধি, শারীরিক নানাবিধ অসুস্থতা এবং পারিবারিক ব্যস্ততার কারণে এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদের দায়িত্ব সশরীরে ও সক্রিয়ভাবে পালন করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। দলের সাংগঠনিক গতিশীলতা ধরে রাখতে এবং কাজের যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেই মহানুভবতা থেকেই তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
পদ থেকে অব্যাহতি নিলেও দলের আদর্শের প্রতি তাঁর অবিচল আস্থা রয়েছে। গোলাম কিবরিয়া জানান, আগামী দিনেও একজন সাধারণ সমর্থক ও সদস্য হিসেবে তিনি দলের সার্বিক মঙ্গল ও ভবিষ্যৎ সাফল্য কামনা করবেন।
১৪২ বার পড়া হয়েছে