পথশিশুদের সমাজের মূলধারায় ফেরাতে কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র
শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৭:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুবিধাবঞ্চিত ও বিপন্ন পথশিশুদের সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে নিরলস কাজ করে যাচ্ছে কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র। সম্প্রতি এই মানবিক আশ্রয়কেন্দ্রটি পরিদর্শন করে সেখানকার সামগ্রিক পরিবেশ ও পুনর্বাসন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।
কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনকালে সমাজসেবা পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম বৃক্ষরোপণ, দেয়ালিকা উন্মোচন, মতবিনিময় সভা ও শিশুদের পরিবেশিত আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। কেন্দ্রে পৌঁছালে তাকে নিবাসী শিশুরা এবং কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে সমাজসেবা পরিচালক কেন্দ্রের ছাদবাগানে একটি নিমের চারা রোপণ করেন। এরপর তিনি শিশুদের নিজস্ব সৃজনশীলতায় তৈরি দেয়ালিকা 'আলোর পথযাত্রী'র ২৪তম সংখ্যা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় কেন্দ্রের নিবাসী ও কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী উর্মি সাদিয়া নিজের জীবনের আবেগঘন গল্প শুনিয়ে সবাইকে অশ্রুসিক্ত করে তোলে। পরে শিশুরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এবং তাদের তৈরি পুঁতির তৈরি শো-পিস অতিথির হাতে তুলে দেয়।
পরিদর্শন শেষে পরিচালক কেন্দ্রের সার্বিক পরিবেশ, আধুনিক আবাসন ও নিবিড় সেবা কার্যক্রমে গভীর সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এই কেন্দ্রটি পথশিশুদের নিরাপদ আশ্রয়, পুষ্টিকর খাবার, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসনে নিরলস অবদান রাখছে।
১৫৭ বার পড়া হয়েছে