নজরুল বর্ষ উপলক্ষে কুমিল্লায় রচনা, আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে কুমিল্লায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
প্রধানমন্ত্রী ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্যাপন উপলক্ষে কুমিল্লায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
শুক্রবার দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্রের মিলনায়তনে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই সময়ে পাশের গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় রচনা প্রতিযোগিতা।
কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী তিনটি বিভাগে অংশগ্রহণ করে। আয়োজকদের ভাষ্য, নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান কামরুল হাসান, জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসান, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ কাউছারুল ইসলাম, কবি নজরুল ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমিন, কুমিল্লা মহানগর জাসাসের সিনিয়র সহসভাপতি ও সংগীতশিল্পী ইশতিয়াক আহম্মেদ পল্লব, সাংবাদিক ও ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল এবং সংস্কৃতিকর্মী ও শিক্ষক এস এ এম আল মামুন।
১২৩ বার পড়া হয়েছে