কুমিল্লায় দেশের অন্যতম বৃহৎ রথযাত্রা অনুষ্ঠিত, সম্প্রেতির বার্তা দিলেন কৃষিমন্ত্রী
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ৬:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশের অন্যতম বৃহৎ রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ও শ্রী জগন্নাথ মন্দিরের উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে দেশের সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।
জগন্নাথপুর ইউনিয়নের ঐতিহাসিক জগন্নাথ মন্দিরে আয়োজিত এই উৎসবে জগন্নাথ, বলদেব ও সুভদ্রার রথ টেনে শহরজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভক্তদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে ভজন-কীর্তন, আরতি, বিশেষ যজ্ঞ এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবার মিলিত দেশ। অতীতে কিছু কুচক্রী মহল ধর্মীয় দাঙ্গা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে চেয়েছিল, কিন্তু দেশের সাধারণ মানুষের সচেতনতার কারণে সেই ষড়যন্ত্র ভেস্তে গেছে। সরকার সব নাগরিকের সমান অধিকার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ।
কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাদুল বারী আবু এবং সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এছাড়া কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমও এতে উপস্থিত ছিলেন।
উৎসবটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, আগামী এক সপ্তাহ পর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উল্টো রথযাত্রার মাধ্যমে এই বাৎসরিক উৎসব শেষ হবে।
১৩৯ বার পড়া হয়েছে