খুলনায় উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের বর্ণাঢ্য রথযাত্রা শুরু
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ৬:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনায় উৎসবমুখর ও অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর গোলকমনি শিশু পার্ক প্রাঙ্গণে বর্ণাঢ্য এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে হাজার হাজার পুণ্যার্থী অংশ নিয়ে জগন্নাথ দেবের রথের দড়ি টেনে পুণ্য অর্জন করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আনন্দঘন রথযাত্রা উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বাস দেন।
খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সার্বিক পরিচালনায় এবং সত্যনারায়ণ মন্দির, টুটপাড়া গাছতলা মন্দির ও ইসকন খুলনার যৌথ উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যানন্দ দত্ত ও ইসকনের খুলনা বিভাগীয় সভাপতি গৌড়েশ্বর নিমাই দাস ব্রহ্মচারী।
খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি গোপি কিষাণ মুন্দ্রা, যশোর শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এবং সরকারি আদম খান কমার্স কলেজের অধ্যাপক তারক চাঁদ ঢালী।
উদ্বোধনের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। হাজার হাজার ভক্ত শোভাযাত্রায় অংশ নিয়ে রথের দড়ি টানেন। রথটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জোড়াগেট প্রেম কাননে গিয়ে শেষ হয়। সেখানে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আগামী নয় দিন পর ফিরতি রথযাত্রার মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে।
১২৩ বার পড়া হয়েছে