কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সহযোগী গ্রেফতার
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ২:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলা মৃধা নামের এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির মা জীবিকার তাগিদে ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত রয়েছেন। এ কারণে শিশুটি তার নানির কাছেই থাকত। গত বুধবার দুপুরে বাড়ির বাইরে খেলা করার সময় প্রতিবেশী আলা মৃধা শিশুটিকে ফুসলিয়ে অন্য অভিযুক্ত শহিদুল মুন্সীর ঘরে নিয়ে যায়।
সেখানে ঘরে কেউ না থাকার সুযোগে শহিদুল মুন্সী ওই শিশুকে নির্যাতন ও ধর্ষণের চেষ্টা চালায় এবং আলা মৃধা বাইরে দাঁড়িয়ে পাহারা দেয়। এ সময় শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টিকে আপস-মীমাংসার চেষ্টা করা হয় এবং অভিযুক্ত শহিদুলকে পালাতে সাহায্য করে আলা মৃধা।
ভুক্তভোগীর নানি বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করার পর পুলিশ দ্রুত তৎপরতা দেখিয়ে ঘটনার সহযোগী আলা মৃধাকে গ্রেফতার করে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মূল অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে।
১০৫ বার পড়া হয়েছে