মেজর মোজাফফর গ্রেপ্তার: জিয়াউর রহমান হত্যা মামলায় কোর্ট মার্শালের প্রস্তুতি
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকা সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাঁকে আটকের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, বুধবার দিবাগত রাতে রাজধানীর একটি ডিওএইচএস এলাকা থেকে মেজর মোজাফফর হোসেনকে আটক করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
ডিএমপির সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মেজর মোজাফফর হোসেনকে সামরিক বিচারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় মেজর মোজাফফর হোসেনের বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় একদল বিপথগামী সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে হত্যা করেন বলে অভিযোগ করা হয়।
অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় জিয়াউর রহমানকে শনাক্ত করার ক্ষেত্রে মেজর মোজাফফর হোসেনের ভূমিকা ছিল। হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনায় চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরসহ কয়েকজন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে মেজর জেনারেল মঞ্জুর নিহত হন।
জিয়াউর রহমান হত্যার ঘটনায় সামরিক আদালতে বিচার শেষে ১৩ জন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অন্য কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের দাবি, হত্যাকাণ্ডের পর মেজর মোজাফফর হোসেন দেশত্যাগ করে আত্মগোপনে ছিলেন। তাঁকে গ্রেপ্তারের জন্য একসময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ সময় তিনি ভারতে অবস্থান করেন এবং পরে ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত এলাকায় যাতায়াত করতেন বলে জানা গেছে।
১১৯ বার পড়া হয়েছে